নারী উদ্যোক্তা ও বাজারমুখী নারীদের শিশুদের নিরাপদ পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা ও নরুন্দি ইউনিয়নে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারী- ২০২৬) ইং ডিটিআরসি, উন্নয়ন সংঘ, জামালপুরে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেন, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)–এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সানজিদা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক, সিনিয়র এগ্রিকালচার মার্কেটিং অফিসার (SAMO), প্রজেক্ট ম্যানেজার স্টিফেন অসীম আর চ্যাটার্জি, এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার।
এছাড়াও জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুজিত চিসিম ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা মো: আতাহার আলী, ইউপি সদস্যবৃন্দ, ইমাম, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী, কমিউনিটি মার্কেট এজেন্ট, নারী উদ্যোক্তা ও পিজি দলনেতা।
প্রধান অতিথি ডা: সানজিদা ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর জেসমিন প্রকল্পের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছি। তাদের কাজ অত্যন্ত প্রশংসনীয় ও জনকল্যাণমুখী। শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন একটি সময়োপযোগী ও অত্যন্ত জরুরি উদ্যোগ। এ ধরনের কার্যক্রম নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথি এনামুল হক, সিনিয়র এগ্রিকালচার মার্কেটিং অফিসার (SAMO) বলেন, বাজারভিত্তিক নারীদের জন্য শিশু পরিচর্যা কেন্দ্র চালু হলে তাদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। এতে বাজার ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে।
প্রজেক্ট ম্যানেজার স্টিফেন অসীম আর চ্যাটার্জি বলেন, এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়বে এবং শিশুদের নিরাপদ লালন-পালনের সুযোগ সৃষ্টি হবে।
এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার বলেন, নিরাপদ পরিবেশে শিশু রেখে নারীরা নিশ্চিন্তে কৃষিপণ্য বিপণনে যুক্ত হতে পারবে, যা সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি প্যানেল চেয়ারম্যান মো: মিজানুর রহমান বলেন, বাজারে আগত নারীদের শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে এবং পরিবার ও সমাজ উপকৃত হবে।
আলোচনায় জানানো হয়, শিশু পরিচর্যা কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো বাজারে আগত নারীরা যেন নিরাপদে তাদের শিশুদের রেখে বেস্ট ফিডিং, খাবার খাওয়ানো এবং নিশ্চিন্তে পণ্য বেচাকেনা করতে পারেন।
সভায় কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় উপকরণ, অর্থায়নের উৎস, কেয়ারটেকার নিয়োগ, সময়কাল ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুক্ত আলোচনায় সকলের সম্মতিতে এ উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় আরও জানানো হয়, তিন ইউনিয়নের মধ্যে প্রথম পর্যায়ে কেন্দুয়া ইউনিয়নে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে শিশু পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করা হবে।
শেষে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
উক্ত সভায় উপস্থাপনায় ছিলেন Gender DRR & CC Officer মোছা: ছাদেকা বেগম।সভা পরিচালনায় সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা, হুমায়ুন কবির ও সোহেল মিয়া।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন