শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা। তিনি ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে অনুষ্ঠিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশে দলীয় নির্দেশনায় তিনি এই ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা ও তার কয়েকজন অনুসারী উপস্থিত রয়েছেন।
ভিডিও বক্তব্যে মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, “শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একজন বিএনপির লোক—এ কথা আমি সবসময় বলেছি। আমি কখনো এমপি নির্বাচন করার ইচ্ছা পোষণ করিনি। তবে মাহমুদুল হক রুবেল সাহেবের সঙ্গে কিছু দূরত্ব সৃষ্টি হওয়ায় আজ এই অবস্থানে এসেছি।”
তিনি আরও বলেন, তার জন্য অনেক মানুষ চেষ্টা করেছেন, কষ্ট করেছেন ও পরিশ্রম করেছেন। পরে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে তাকে ময়মনসিংহে আসার আহ্বান জানানো হয় এবং সেখানে তাকে বিশেষ সম্মান দেখানো হয়।
ভিডিওতে তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান বুলেটপ্রুফ গাড়িতে করে তাকে নিয়ে সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেলের কাছে যান এবং বলেন, “তিনি সিনিয়র নেতা, তাকে মেনে চলতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যেন আর না হয়।” এ সময় তারেক রহমান তাকে আশ্বাস দেন—দল ক্ষমতায় যাক বা না যাক, তিনি তার পাশে থাকবেন।
আমিনুল ইসলাম বাদশা বলেন, “আমি আবারও ঝিনাইগাতী-শ্রীবরদী উপজেলার আপামর জনতার কাছে অনুরোধ জানাচ্ছি—আমার অপরাধটুকু ক্ষমা করে দেবেন। ঘরের ছেলে ঘরে ফিরে আসতে বাধ্য হয়েছে। আমি ধানের শীষে ভোট দেব এবং সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা যায়নি।
ভিডিও সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল এবং বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের উপস্থিতিতেই বিষয়টির চূড়ান্ত ফয়সালা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন