শেরপুরে সাংবাদিক সম্মেলন - স্বামী হত্যার বিচার ও আসামিদের জামিন বাতিলের দাবি শহীদ রেজাউল করীমের স্ত্রীর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিএনপি সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ মাওলানা রেজাউল করীমের হত্যার বিচার এবং সরাসরি জড়িত আসামিদের জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মারজিয়া।
সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) শেরপুরে অনুষ্ঠিত লিখিত সংবাদ সম্মেলনে মারজিয়া বলেন, “আমি আজ এখানে এসেছি একজন স্ত্রী হিসেবে, একজন অসহায় বিধবা হিসেবে এবং দুইজন এতিম সন্তানের মা হিসেবে। আমার স্বামী হত্যার শোক এখনো কাটেনি। এরই মধ্যে শুনতে পেলাম হত্যাকারীরা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে—এটি আমার জন্য চরম বেদনার।”
তিনি অভিযোগ করেন, গত ২৮ জানুয়ারি ২০২৬ বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলের নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা তার স্বামী মাওলানা রেজাউল করীমকে হত্যা করে। তিনি প্রশ্ন তোলেন, “ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরও কাদের ইশারায় হত্যাকারীরা জামিন পেল? এ্যাটর্নি জেনারেল অফিস ও রাষ্ট্রপক্ষের আইনজীবিদের ভূমিকা কী ছিল?”
মারজিয়া অবিলম্বে আসামিদের জামিন বাতিল করে উচ্চ আদালতে আপিল করার জন্য এ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনি রাষ্ট্রের আইনজীবি। দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বুঝে নেব আপনিও ফ্যাসিস্টদের দোসর।”
তিনি আরও বলেন, “শহীদ রেজাউল করীমের রক্ত বৃথা যেতে পারে না। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি প্রশাসনের নিরপেক্ষতার মাধ্যমে হামলাকারী ও এর সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা জামায়াতের আমির জানান, বিএনপির প্রার্থীসহ বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতেই এ মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যে মামলা করা হয়েছে—এমন অভিযোগ তিনি নাকচ করেন।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,যুগ্মসাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)