শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বক্স) ভেতর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে এ ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রাস্তার পাশে রেখে চলে যায়। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী বিনা বেগম জানান, ট্রাংকটি রেখে যাওয়ার সময় তিনি তাদের জিজ্ঞেস করলে তারা পরে এসে নিয়ে যাবে বলে দ্রুত স্থান ত্যাগ করে।
একপর্যায়ে ট্রাংকের কাছাকাছি গেলে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। এতে সন্দেহ দানা বাঁধলে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাংকের তালা ভেঙে ভেতরে একটি নারীর লাশ দেখতে পায়।
পুলিশ জানায়, লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো ছিল। দীর্ঘ সময় ট্রাংকের ভেতরে থাকায় লাশটি ফুলে গিয়ে বিকৃত হয়ে পড়েছে, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে লাশ ট্রাংকে ভরে এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন