ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) স্থগিতকৃত সংসদীয় আসনে আগামী ৯ এপ্রিল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্র পরিদর্শন ও দায়িত্বপ্রাপ্ত ফোর্সদের ব্রিফিং প্রদান করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে তিনি ঝিনাইগাতি থানায় পৌঁছালে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত স্ট্রাইকিং ফোর্স সদস্যদের শ্রীবরদীর আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এবং ঝিনাইগাতির আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজে পৃথক দুটি ব্রিফিং দেন তিনি। ব্রিফিংয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তা পরিকল্পনা, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং দায়িত্ব পালনে করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।
ডিআইজি দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
এরপর তিনি শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) মোঃ পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন