জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ কেরামত আলী ওরফে বাচ্চা (৬৮) নামের এক বৃদ্ধের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের নতুন বাশকান্দা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পাগলা পাড়া গ্রামের পথচারী মোঃ লাল মিয়া প্রথমে ঘরটিতে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।অগ্নিকাণ্ডে টিনের ঘরটির চাল, খাটসহ ঘরের সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন