মাদক মুক্ত শেরপুর গড়ার দৃঢ় প্রত্যয়: নবাগত এসপি-র নির্দেশে ডিবির অভিযানে হেরোইনসহ কারবারি গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি | |
দায়িত্ব গ্রহণের পর শেরপুরের নবাগত পুলিশ সুপারের ঘোষিত 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স' নীতি এখন মাঠ পর্যায়ে কার্যকর হতে শুরু করেছে। জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন মহলের সাথে ধারাবাহিক মতবিনিময় সভায় উঠে আসা মাদকের ভয়াবহতার চিত্র আমলে নিয়ে তিনি যে কঠোর অঙ্গীকার করেছিলেন, তারই ধারাবাহিকতায় এবার ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাছরিন আক্তারের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল মাঠে নামে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর-জামালপুর ব্রিজের টোল প্লাজা এলাকায় ঝটিকা অভিযান চালায় ডিবি ও সদর থানা পুলিশের সমন্বিত টিম।অভিযানে সোবাহানের চা দোকানের সামনে পাকা রাস্তা থেকে ইয়াসিন আলী (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন আলী রাজশাহীর গোদাগাড়ী থানার ভগবন্তপুর গ্রামের আব্দুল খালেক মোড়লের ছেলে।মাদকের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করে নবাগত পুলিশ সুপার বলেন মাদকের সাথে কোনো আপস নেই। আমরা শেরপুরকে একটি আদর্শ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে অপরাধী যত শক্তিশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। হয় মাদক ছাড়তে হবে, নয়তো শেরপুর ছাড়তে হবে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ওসি রেজাউল ইসলাম খান জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই তৎপরতা নিয়মিত চলবে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর জেলা পুলিশের এই ঝটিকা অভিযানে সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)