জামালপুরে মেনকেয়ার বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ এপ্রিল ২০২৬) কেন্দুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় World Vision Bangladesh ও উন্নয়ন সংঘ যৌথভাবে বাস্তবায়ন করছে ।
সভার শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের আওতায় কার্যক্রম ও সংস্থার পরিচিতি এবং সেইফগার্ড পলিসি বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন কমিউনিটি ফেসিলিটেটর নীলা আক্তার।
পরে মেনকেয়ারের মূল ধারণা ও এর পাঁচটি গুরুত্বপূর্ণ বার্তা সহজভাবে তুলে ধরেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপের অংশ হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে “নারীরা পরিবারে কী কী সিদ্ধান্ত নেয়” এবং “পুরুষরা পরিবারে কী কী সিদ্ধান্ত নেয়”—এই দুটি বিষয়ে কাজ করা হয়। উপস্থাপনার মাধ্যমে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে বিদ্যমান বৈষম্যের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। দেখা যায়, সাধারণত বড় সিদ্ধান্ত পুরুষরা গ্রহণ করেন, আর নারীরা তুলনামূলক ছোট সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকেন।
আলোচনায় উল্লেখ করা হয়, এককভাবে বড় সিদ্ধান্ত গ্রহণ করলে নানা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই পরিবারে স্বামী-স্ত্রী ও সন্তানদের অংশগ্রহণে যৌথ সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এ গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করেন Gender DRR & CC Officer মোছা: ছাদেকা বেগম।
পরবর্তীতে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বর্তমানে নারীরা কোন কোন কাজে যুক্ত আছেন এবং ভবিষ্যতে কীভাবে তাদের আরও আয়মূলক কার্যক্রমে যুক্ত করা যায়—এ বিষয়ে দিকনির্দেশনা ও মুক্ত আলোচনা করেন জেন্ডার স্পেশালিস্ট মো: শফিকুর রহমান।
সার্বিকভাবে, সংলাপ সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা, যৌথ সিদ্ধান্ত গ্রহণ, শিশু লালন-পালন এবং গৃহস্থালীর কাজে পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, একই দিনে মেষ্টা ইউনিয়নেও অনুরূপ সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন