‘সেবার ব্রতে চাকরি’—এই মহান স্লোগানকে সামনে রেখে শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের কার্যক্রম উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে শেরপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান সরকারি কোটা পদ্ধতি অনুসরণ করে যোগ্য প্রার্থী নির্বাচনে প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম সরজমিনে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং) মোঃ আরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) তৌহি উদ দৌলা লুপম।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন এবং নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। এছাড়াও শেরপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও মেডিকেল অফিসার নিয়োগ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, "সম্পূর্ণ স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ বাহিনীতে যোগ্য ও দেশপ্রেমিক সদস্য নিয়োগ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"
উল্লেখ্য, প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পরীক্ষা আগামীকাল ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের 'ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট' (PET)-এর অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ে সকল প্রার্থীকে প্রয়োজনীয় প্রস্তুতিসহ মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন