শেরপুর জেলা সদরের বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ভোজ্যতেল এবং খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, হালনাগাদকরণ এবং পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশনা দেন। একইসাথে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে শেরপুর জেলা প্রশাসনের প্রতিনিধি, সদর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন