শেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বেলা ২টায় শহরের ২নং বার ভবন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, তার পিতা মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম একাধিকবার এই আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সূত্রে এ সমিতির প্রতি তার একটি নৈতিক দায়িত্ব রয়েছে। তিনি বারের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বার কাউন্সিল অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ (এয়ারকন্ডিশন) স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন-২০২৬ এর চেয়ারম্যান ও জেলা আদালতের বিজ্ঞ পি.পি অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান। তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশন-২০২৬ এর সদস্য অ্যাডভোকেট মোঃ জাহিদুল হক আধার।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব এম কে মুরাদ তার বক্তব্যে দায়িত্ব পালনকালের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম-এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
এদিকে, বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব সামিউল ইসলাম আতাহার অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি থাকায় তার পক্ষে সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হারুন-অর-রশিদ বাচ্চু নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ এএইচএম নুরে আলম হিরার নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল কাদের এবং বিশিষ্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হুড়, এডভোকেট মোঃ নুর ইসলাম ভাসানীসহ সমিতির সদস্যবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির পথচলা শুরু হয়, যা আইনজীবী সমিতির উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)