“সবার জন্য শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ, শেরপুরের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তন (নিসর্গ)-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ।
অনুষ্ঠানে সদর পৌরসভার সুইপার কলোনির ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ,পানির পাত্র, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মামুনুর রশিদ পলাশ বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। সমাজের কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই জেলা পরিষদ কাজ করছে। বিশেষ করে প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর শিশুদের জন্য আমাদের এই উদ্যোগ একটি ধারাবাহিক কার্যক্রমের অংশ।”
তিনি আরও বলেন, “এই শিশুদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সঠিক সুযোগ ও সহায়তা। আমরা চাই, তারা পড়াশোনা করে একদিন সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত হোক। জেলা পরিষদ ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মুখে হাসি এবং অভিভাবকদের সন্তুষ্টি এ উদ্যোগের সার্থকতা তুলে ধরে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম প্রান্তিক শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন