‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শেরপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ঘোড়া গাড়ি, লাঠিয়াল বাহিনী ও বাদক দলের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা লিগ্যাল এইড-এর মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও টুপি পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রায় অংশ নেন শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এবং নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বুলবুল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিগ্যাল এইড সেবা গ্রহীতারা তাদের অনুভূতি প্রকাশ করেন। এসময় সিভিল ক্যাটাগরিতে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট হরিদাস সাহা এবং ফৌজদারি ক্যাটাগরিতে অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম মমিনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে জেলা কারাগারে কয়েদিদের জন্য আইনগত সচেতনতামূলক ও পরামর্শমূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
আদালত প্রাঙ্গণে আয়োজিত আইন সহায়তা পরামর্শ মেলায় অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল জজ কাজী নুসরাত আরিফ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূইয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিগ্যাল এইড অফিসার ও সহকারী সিভিল জজ মোহাম্মদ নুর-ই-জাহিদ।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধনী-গরীব নির্বিশেষে বিচারপ্রার্থী জনগণকে বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা পরিচালনা ও কাউন্সিলিং সেবা প্রদান করছে। শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচ তলায় অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিস থেকে সরকারি কার্যদিবসে এই সেবা গ্রহণ করা যাবে। এছাড়াও যেকোনো আইনি সহায়তার জন্য সরকারি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৬৬৯৯ অথবা জেলা অফিসের হটলাইন ০১৭০০-৭৮৪২৮৬-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন