শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ছোট-বড় চারটি গরু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শেরপুর সদর থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে উপজেলার ৬নং চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মো. টিটু মিয়া (৪৫), মৃত আজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৫) এবং একই এলাকার মোসা. ঝরণা আক্তার (৩৮)।
ঘটনার বিবরণ: পুলিশ জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মো. আক্তারুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি দল জানতে পারে, কামারের চর ইউনিয়নের ৬নং চর এলাকায় কতিপয় ব্যক্তি চুরিকৃত গরুসহ অবস্থান করছে। পুলিশ সেখানে পৌঁছানোর আগে স্থানীয় জনতা একটি বাগানে আসামিদের সন্দেহভাজন হিসেবে ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে এবং গাছে বাঁধা অবস্থায় চারটি গরু জব্দ করে।
উদ্ধারকৃত গরুর মধ্যে রয়েছে একটি লাল রঙের গাভী, একটি কাজলা রঙের ষাঁড় এবং দুটি বাছুর।
তারা একটি পিকআপ যোগে নেত্রকোনা ও জামালপুর সীমান্ত এলাকা থেকে গরুগুলো চুরি করে বিক্রির উদ্দেশ্যে শেরপুরে এনেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও তিন সহযোগী আজিজুল, উজ্জল ও নজরুলসহ চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৮০/৪১১ ধারায় মামলা (নং-৫৮) রুজু করা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন