শেরপুর পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত শহর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতানা আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে শেরপুর সদর ঐতিহ্যবাহী পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির আবহে দিনব্যাপী নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পৌরসভা প্রাঙ্গণ।
মঙ্গলবার সকালে শেরপুর পৌরসভার আয়োজনে এক বর্ণিল র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রঙিন ব্যানার, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে র‍্যালীটি শহরবাসীর মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়।
র‍্যালী শেষে বিকালে পৌরসভার পুরাতন কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পরিবার বর্গের শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানমঞ্চ।
বৈশাখী শোভাযাত্রা প অনুষ্ঠানে প্রধান উপস্থিতি হিসেবে ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকী। তাঁর নেতৃত্বে পৌরসভার এ আয়োজন ছিল সুসংগঠিত ও সুশৃঙ্খল, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি, প্রকৌশলী মোঃ খোরশেদ আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকী নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির প্রতীক। এ উৎসবের মাধ্যমে নতুন উদ্যমে সামনের দিনগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে পৌরসভা প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজন করা হয় পান্তা-ইলিশ, মিষ্টান্ন ও বিভিন্ন মুখরোচক খাবারের পরিবেশন, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
শেরপুর পৌরসভার এমন আয়োজন নববর্ষ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)