শেরপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি মাহমুদুল হক রুবেলের শপথ গ্রহণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিতকৃত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন।
সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) মোঃ হাফিজ উদ্দিন আহাম্মেদ তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিনসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এমপি মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক ও কন্যা রুবাইদা হক রিমঝিম উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও পারিবারিক ও আবেগঘন করে তোলে।
শপথ শেষে জাতীয় সংসদ ভবনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত এই সংসদ সদস্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শপথ গ্রহণ শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মাহমুদুল হক রুবেল বলেন, শেরপুর-৩ আসনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি আরও জানান, তার লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রীকে তার নির্বাচনী এলাকায় নিয়ে গিয়ে এলাকার উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরা।
মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু দলের চেয়ারম্যানই নন, তিনি আমার ঘনিষ্ঠজন ও অভিভাবকতুল্য। তিনি যেভাবে দায়িত্ব দেবেন, সেভাবেই আমি কাজ করে যাব।”
এ সময় তিনি শেরপুর জেলার সার্বিক উন্নয়ন ও শক্তিশালী সাংগঠনিক নেতৃত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ দুলাল, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মোঃ লুৎফর রহমানসহ দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শপথ গ্রহণের পর শেরপুর-৩ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। শপথ ও কুশল বিনিময় শেষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)