শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিলের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কুড়িকাহনীয়া নামাপাড়া গ্রামের একটি বিলের পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন গ্রামবাসী বিলের পানিতে গোসল করতে গিয়ে পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) আনাস উদ্দিনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি তল্লাশি করে। এ সময় বস্তার ভেতর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক আনাস উদ্দিন জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত বস্তা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদকদ্রব্যের উৎস শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন