শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের কল্যাণে বিভিন্ন সমস্যা ও প্রস্তাব শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। সভায় মার্চ ২০২৬ মাসে জেলার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
সভায় জেলার প্রতিটি থানার অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা পর্যায়ে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন ও সরকার ফরহাদ আহমেদসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)