শহীদ জিয়ার স্বপ্নের 'নতুন কুঁড়ি'র পুনরুত্থান: শেরপুরে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের প্রতিফলনে ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
১৯৭৬ সালে এদেশের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত করার মহৎ লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঐতিহাসিক ‘নতুন কুঁড়ি’র সূচনা করেছিলেন, সেই ঐতিহ্যকে ধারণ করে এবং নতুন প্রজন্মের মেধা বিকাশে বর্তমান প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। আজ বিকেলে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার ছেলেদের ক্রিকেট ইভেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (১৪৫ শেরপুর-৩) জনাব মাহমুদুল হক রুবেল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান এবং বর্তমান সরকারের ইতিবাচক অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, শহীদ জিয়া যে মহৎ লক্ষ্য নিয়ে নতুন কুঁড়ি প্রতিষ্ঠা করেছিলেন, আজ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে তা আবারও প্রাণ ফিরে পেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আয়োজনের মধ্য দিয়ে উঠে আসা প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরাই একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এই সফল আয়োজনের জন্য তিনি খেলোয়াড়, কোচ ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান এবং শেরপুরের উদীয়মান খেলোয়াড়দের পাশে থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশতিয়াক মজনুন ইশতি এবং জেলা ক্রীড়া শিক্ষা অফিসার জনাব ধীরেন্দ্র চন্দ্র সরকার। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন খেলার কোচবৃন্দ এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)