শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মিজ সানসিলা জেবরিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন শেরপুর জেলার অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের সাথে কবিগুরুর গভীর প্রকৃতিপ্রেমের এক চমৎকার সাদৃশ্য তুলে ধরেন। তিনি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বব্যাপিতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং বলেন যে তাঁর জীবনদর্শন, মানবপ্রেম, সাম্য ও সংবেদনশীলতার মতো গুণাবলি যদি আমাদের সমাজে নিয়মিত চর্চা করা হয়, তবে একটি মানবিক, সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণ আরও বেগবান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস শেরপুরের আহ্বায়ক এনামুল হক বিপু এবং বিশিষ্ট সাংবাদিক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং শেরপুরের গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা ও শুভেচ্ছা বক্তব্য শেষে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপস্থিত সকল শিল্পী, কলাকুশলী এবং সফল আয়োজনের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)