আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদক নির্মূলে এক অনন্য নজির সৃষ্টি করেছে শেরপুর জেলা পুলিশ। মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে 'গ' গ্রুপে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করার গৌরব লাভ করেছে শেরপুর জেলা পুলিশ। আজ মঙ্গলবার (১২ মে) বেলা ১২:৩০ ঘটিকায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত 'পুলিশ সপ্তাহ ২০২৬' এর অনুষ্ঠানে এই অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির মহোদয় এই বিশেষ কৃতিত্বের জন্য শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) জনাব এ, কে, এম জহিরুল ইসলাম-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, শেরপুর জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এ, কে, এম জহিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছিলেন। জনপ্রিয় দৈনিক 'সত্যের সন্ধানে প্রতিদিন' পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে মাদকের কথা উল্লেখ করলে তিনি দৃঢ়তার সাথে বলেছিলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এবং তাঁর প্রথম ও প্রধান কাজ হবে মাদকবিরোধী অভিযান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর দূরদর্শী নেতৃত্বে শেরপুর জেলা পুলিশ একের পর এক সফল অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় জেলাজুড়ে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং বহু শীর্ষ মাদক পাচারকারীকে ধৃত করে আইনের আওতায় আনা হয়। মূলত এই নিরলস অভিযানের ফলশ্রুতিতেই জাতীয় পর্যায়ে এই গৌরবময় সম্মাননা অর্জন করল শেরপুর জেলা পুলিশ।
এই অভাবনীয় সাফল্যে পুলিশ সুপারের প্রতি আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শেরপুর জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের এই অসামান্য প্রাপ্তি তাদের পেশাদারিত্বের পথে এক অনন্য পাথেয় ও অনুপ্রেরণা হয়ে থাকবে। এই সাফল্যকে পাথেয় করে শেরপুরকে দ্রুত সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে শেরপুর জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন