শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত: প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
“অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী।
সভায় বক্তারা অটিজম ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের মূল স্রোতোধারায় তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে অসহায় ও নিরূপায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১৭ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ৩ জনকে হেয়ারিং এইড (শ্রবণ সহায়ক যন্ত্র), ১ জনকে ট্রাইসাইকেল এবং ১ জনকে ওয়াকার প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)