শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: বিচার নিশ্চিতে সমন্বয় ও আন্তরিকতার তাগিদ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির পারস্পরিক সমন্বয় জোরদার এবং ফৌজদারি বিচার ব্যবস্থার গতিশীলতা আনয়নের লক্ষ্যে মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মে, শনিবার দুপুরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। তিনি তাঁর বক্তব্যে বিচারপ্রার্থী সাধারণ মানুষের দ্রুত ও সঠিক ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী, পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বয় ও আন্তরিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— পরোয়ানা জারি ও তা দ্রুত তামিল করা, আদালতে সাক্ষীদের যথাসময়ে উপস্থিতি ও তাদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিতকরণ, মামলার তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান, জেল হাজত থেকে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে হাজির করা, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা জোরদার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা বৃদ্ধি এবং মালখানা থেকে সময়মত মামলার আলামত আদালতে উপস্থাপন।
কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া, সুলতান মাহমুদ মিলন, শুভপর্ণা চন্দ, জেলা লিগ্যাল এইড অফিসার নূর-ই-জাহিদ, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ, র‍্যাব ও সিআইডির প্রতিনিধি এবং শেরপুরের ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)