হৃদয় জুড়ানো এক উৎসবমুখর পরিবেশে শেরপুরের বুক চিরে বইতে শুরু করেছে উন্নয়নের নতুন হাওয়া। আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কালজয়ী ‘স্বনির্ভর ও উৎপাদনের রাজনীতি’র চেতনাকে বুকে ধারণ করে শেরপুর সদরে শুরু হলো বিশাল খাল খনন ও পুনঃখনন কর্মসূচি। আজ ১৩ মে ২০২৬ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় এই অনন্য উদ্যোগের সূচনা হয়।
উপজেলা প্রশাসন, শেরপুর সদরের চমৎকার আয়োজনে এ কর্মসূচির প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে, মাটি কেটে এই ঐতিহাসিক জনকল্যাণমূলক কাজের শুভ উদ্বোধন করেন শেরপুরবাসীর প্রিয় মুখ, তরুণ ও জননন্দিত সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষণে তাঁর সাথে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান সদর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ও সুধী সমাবেশে বক্তারা আবেগঘন কণ্ঠে স্মরণ করেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তাঁরা বলেন, বাংলাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে যে বিপ্লবের সূচনা শহীদ জিয়া করেছিলেন, আজ তারই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সেই চাকা আবার সচল হয়েছে। আর শেরপুরের মাটিতে সেই স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটাচ্ছেন জননেত্রী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এমপি প্রিয়াঙ্কার এই বলিষ্ঠ ও জনবান্ধব নেতৃত্ব শেরপুরের অবহেলিত প্রান্তিক মানুষের ভাগ্য বদলে এক নতুন ভোরের সূচনা করলো।
শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ।
অনুষ্ঠানটিতে যেমন ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জোয়ার, তেমনি উপস্থিত ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের শীর্ষ সারির ব্যক্তিবর্গ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে রাজপথ কাঁপানো ও প্রিয় মুখগুলোর উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। উপস্থিত ছিলেন—শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম স্বপন, সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ভিপি, শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম, শেরপুর শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, শহর বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আলম সজীব, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মমতা আহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল এবং সদর যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের শত শত নেতাকর্মী।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন—স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব রকিবুল হাসান।
এলাকাবাসী জানান, সাহাব্দীরচর হতে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত এই দীর্ঘ ও গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন ছিল এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই খাল খননের ফলে এলাকার দীর্ঘদিনের অভিশাপ 'জলাবদ্ধতা' চিরতরে দূর হবে, পানি নিষ্কাশন ব্যবস্থার আমূল উন্নয়ন ঘটবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে ফসলের মাঠ ভরে উঠবে সোনালী হাসিতে, যা আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যও রক্ষা করবে।
একই সাথে, বর্তমান সরকারের এই যুগান্তকারী কর্মযজ্ঞের মাধ্যমে এলাকার শত শত অতিদরিদ্র মানুষের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের এক সোনালী সুযোগ, যা গ্রামীণ অর্থনীতিতে এনে দেবে সচ্ছলতা।
এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ, উপকারভোগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পুরো উদ্বোধনী এলাকাটি যেন একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছিল। শেরপুরের এই গৌরবময় উন্নয়ন যাত্রায় সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন