সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. নাঈম হাসান উজ্জ্বলকে সভাপতি এবং মো. খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ১২ মে (২০২৬) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আগামী মেয়াদের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে এক বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে শেরপুর জেলা ছাত্রদলের এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে কেন্দ্রীয় সংসদ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
এদিকে শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
নতুন নেতৃত্ব শেরপুরে ছাত্রদলকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। নতুন কমিটির শীর্ষ দুই নেতা তৃণমূলের এই আস্থার প্রতি সম্মান রেখে দ্রুততম সময়ের মধ্যে একটি ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ ছাড়াও ১৩ মে দুপুরে শেরপুর জেলা শহরের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ খালেদুজ্জান সিদ্দিকী আসিফ।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন