শেরপুরে সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং একশত আশি দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে শেরপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। একই দিনে সারা দেশব্যাপী ৬৮ টি তথ্য অফিসের উদ্যোগে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি। প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন দিক ও তথ্যসমূহ প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল আলম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারসহ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সকল তথ্য অফিসের উদ্যোগে এই কার্যক্রমের প্রচার চালানো হচ্ছে। জেলা তথ্য অফিসসমূহ সাধারণত সরকারের রাজস্ব ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নারী সমাবেশ, উঠান বৈঠক, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক সংগীত, চলচ্চিত্র প্রদর্শনী এবং সড়ক প্রচারসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বছরব্যাপী তুলে ধরে।
ব্রিফিংয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের গৃহীত প্রধান প্রধান কার্যক্রমসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়। এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড বিতরণ, যার মাধ্যমে হতদরিদ্র পরিবারসমূহ প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবে। আগামী পাঁচ বছরে চার কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এ ছাড়া কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক কার্ড, যার মাধ্যমে কার্ডধারী কৃষকেরা প্রতি মাসে পনেরো শত টাকা নগদ অর্থসহ ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশক, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে সেচ সুবিধা, প্রাকৃতিক দুর্যোগে পুনর্বাসন সহায়তা, কৃষি যন্ত্রপাতি কেনায় সরকারি ভর্তুকি, সরাসরি আর্থিক ভর্তুকি, স্মার্ট কৃষি ব্যবস্থাপনা, ফসল বিপণন সুবিধা, কৃষি বীমা এবং তথ্য ও পরামর্শ সেবা পাবেন। আগামী চার বছরে এক কোটি পঁয়ষট্টি লক্ষ কৃষক এই সুবিধার আওতায় আসবেন।
কৃষকদের কল্যাণে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার দেশের প্রায় বারো লক্ষ কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে এবং ইতিমধ্যে অর্ধেকের বেশি কৃষকের ঋণ মওকুফের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে পঁচিশ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে সোয়া কোটি চারা উৎপাদন করা হয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে। নারীদের যাতায়াত ও কর্মসংস্থানের সুবিধার্থে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের মাধ্যমে নারী যাত্রী, চালক ও সহকারী দ্বারা পরিচালিত বিশেষ বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কৃষিজমি ও সেচ ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে সরকার বিশ হাজার কিলোমিটার খাল খনন করবে, যার অংশ হিসেবে একশত আশি দিনের কর্মপরিকল্পনায় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিখা প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ খাল খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)