শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে দুই উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। তবে নকলা উপজেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন প্রধান অতিথি।
নকলা উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকের সংখ্যা কম দেখে একপর্যায়ে সংসদ সদস্য অনুষ্ঠানস্থল ত্যাগ করার ইচ্ছাও প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে তিনি শান্ত হন এবং কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, সরকারের ধান-চাল সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে প্রশাসনের সমন্বয়ের ঘাটতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের এই মহৎ উদ্যোগের সুফল যেন সরাসরি কৃষকের ঘরে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারি গুদামে ধান দিতে এসে কোনো প্রকৃত কৃষক যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে নকলা উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অত্যন্ত কঠোরভাবে অনুসরণ করা হবে। শতভাগ স্বচ্ছতার সঙ্গে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে এবং এখানে কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রারম্ভিক সমন্বয়হীনতা কাটিয়ে দ্রুতই পুরোদমে ধান-চাল সংগ্রহ কার্যক্রম গতিশীল হবে।
অন্যদিকে, একই দিনে দুপুরে নালিতাবাড়ী উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা শিবলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন এবং সাবেক পৌরমেয়র আনোয়ার হোসেন প্রমুখ। নালিতাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৮২৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৭৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন