‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা , উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করেন। স্টলগুলোতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ, লটকন, জাম, জামরুল, লেবু, মাল্টা, কমলা, আঙুর, ড্রাগন ফল, সফেদা, আমড়া, বেল, নারিকেল, তাল, বরই, করমচা,সহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়। মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। এ ধরনের আয়োজন ফল উৎপাদনে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন ফল মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন