প্রেমের জেরে নালিতাবাড়ীতে স্কুলছাত্রীর বিষপান, প্রেমিকের বাড়িতে যাওয়ার পর হাসপাতালে মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ীতে পরিবারের চাপে বিষপান করার পর প্রেমিকের বাড়িতে ছুটে গিয়ে মনতাজুর রহমান দীপা (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৬ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং স্থানীয় পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিল্লাপাড়া গ্রামের এক সন্তানের জনক মো. সুজনের (২৬) সঙ্গে দীপার বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি এই সম্পর্কের বিষয়টি দীপার পরিবারের লোকজন জেনে যায় এবং তাকে তীব্র শাসন করে।
পারিবারিক এই চাপের জেরে, মঙ্গলবার দুপুরে দীপা বাড়ির সবার অজান্তে স্থানীয় কদমতলী বাজারে গিয়ে কীটনাশক কেনে। এরপর কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গিয়ে সেটি পান করে। বিষপানের পরপরই সে একটি অটোরিকশায় করে সরাসরি প্রেমিক সুজনের বাড়িতে ছুটে যায়।
সুজনের বাড়িতে পৌঁছানোর পর দীপা বিষক্রিয়ায় তীব্র অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সুজন দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই দীপার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)