সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
হাজারো আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম। তিনি শ্রীবরদীর ক্রীড়া অঙ্গনের অত্যন্ত পরিচিত ও বিশিষ্ট এক ক্রীড়া সংগঠক ছিলেন।
১৮ জুন (বৃহস্পতিবার) সকালে শ্রীবরদী পৌর শহরের টিএনটি রোডস্থ (কলাকান্দা) গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর মরহুমের স্মৃতিবিজড়িত শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারি হেলিপ্যাড মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।
বিশিষ্ট এই রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শেরপুর জেলা বিএনপি, স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর সংরক্ষিত আসনের মহিলা এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলবেরুনী,ঢাকা জজকোর্টের বিপি অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ, অ্যাডভোকেট রেজওয়ান উল্লাহ, শ্রীবরদী পৌরসভার সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান খান।নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাবহ পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)