আসন্ন ঈদকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালান দমনে কঠোর অবস্থানে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই ধারাবাহিকতায় পৃথক দুই দিনের বিশেষ অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও ৪টি গরু জব্দ করা হয়েছে। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটো ভ্যানও আটক করে বিজিবি। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অন্তর্গত কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির জোয়ানরা এই সফল অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার দুপুরে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল হারিয়াকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় ৪টি গরুসহ চোরাকারবারি শাকিলকে ধাওয়া করে বিজিবি। শাকিল বাবেলাকোনা গ্রামের আলেক মিয়ার ছেলে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে শাকিল গরুগুলো রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত এই গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
এদিকে এই অভিযানের রেশ কাটতে না কাটতেই শুক্রবার ভোর সকালে দ্বিতীয় আঘাতটি হানে বিজিবি। নায়েক নাজমুল হোসেনের গোপন তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সিংগাবরুনা ইউনিয়নের মেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে একটি মালিকবিহীন ব্যাটারিচালিত অটো ভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত কসমেটিকস ও অটো ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে ৩৯ বিজিবি কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো সাইদুর রহমান শুক্রবার সকালে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাকারবারিদের তৎপরতা বেড়ে যায়। তাই সীমান্ত এলাকায় চোরাচালান সম্পূর্ণ প্রতিরোধ করতে আমরা গোয়েন্দা নজরদারি এবং টহল বহুগুণ বৃদ্ধি করেছি। দেশের অর্থনীতি ও সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন