শেরপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি প্রিয়াঙ্কা; বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তোরণ নির্মাণ না করার অনন্য দৃষ্টান্ত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।। শেরপুরে দলীয় নেতা-কর্মীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আজ শুক্রবার (৮ মে) বিকেলে শেরপুর সদরের চরপক্ষিমারী ইউনিয়নে অবস্থিত শেরপুর-জামালপুর ব্রিজে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী জড়ো হয়ে তাকে এই সংবর্ধনা জানান। সফরসঙ্গী হিসেবে এমপি প্রিয়াঙ্কার সাথে উপস্থিত ছিলেন তাঁর মাতা, ভ্রাতা এবং তাঁর পিতা—জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং ফুলের তোড়া নিয়ে শেরপুর-জামালপুর ব্রিজে সমবেত হতে থাকেন। পরে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, দলীয় নেতাকর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে শেরপুরের মানুষের জন্য আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি শেরপুরের সামগ্রিক অনগ্রসরতার কথা তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ নানা দিক থেকে শেরপুর জেলা এখনো অনেক পিছিয়ে রয়েছে। এ জেলায় কোনো মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা রেললাইন নেই। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, "আমি এই পিছিয়ে পড়া শেরপুর জেলার সামগ্রিক উন্নয়ন, দ্রুত রেললাইন সংযোগ স্থাপন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে আজীবন কাজ করে যাব।"
অনুষ্ঠানে এমপি প্রিয়াঙ্কার পিতা ও সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী তাঁর বক্তব্যে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের শেরপুরে এই প্রথম আগমনী সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল আনন্দ-উল্লাস ছিল। চাইলে পুরো শহর ও রাস্তাঘাটে বড় বড় তোরণ বা গেট নির্মাণ করে অনেক জাঁকজমকপূর্ণ আয়োজন করা যেত। কিন্তু বিগত স্বৈরাচারী সরকার দেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে রেখে গেছে। একই সাথে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাও সংকটাপন্ন। এই বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা বিবেচনা করে এবং সাধারণ মানুষের কষ্ট ও অপচয় রোধে শহর কিংবা রাস্তায় কোনো প্রকার গেট বা তোরণ নির্মাণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে এমপি প্রিয়াঙ্কা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মৃতিচারণ করে বলেন, বিগত নির্বাচনে শেরপুর-১ আসনে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে চেয়েছিলেন। কিন্তু দলীয় বিদ্রোহী প্রার্থী এবং একটি চরম প্রতিযোগিতা ও নানাবিধ অনিয়মের কারণে আমাদের পরাজয় বরণ করতে হয়েছিল। তবে মহান আল্লাহর অশেষ রহমতে এবং দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য মূল্যায়নে আজ আমি সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে আপনাদের মাঝে ফিরে এসেছি। তিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করে শেরপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, যুবদল নেতা রশিদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু এবং সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ জেলা, থানা ও শহর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে ধানের শীষের দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে, গত ২০ এপ্রিল ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী আসনে শেরপুরের জন্য তার নাম ঘোষণা করা হয় এবং গত ৩ মে রাতে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)