‘হৃদয়ে বাংলার মুখ’—এই আদর্শ ও অনুপ্রেরণাকে ধারণ করে পথচলা শুরু করা দায়িত্বশীলদের দৈনিক ‘দেশ রূপান্তর’ পা রাখল অষ্টম বর্ষে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২ মে) ২ মে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আনন্দঘন আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “দেশ রূপান্তর প্রতিষ্ঠার পর থেকেই সত্য ও সাহসের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। বিশেষ করে তাদের অনুসন্ধানী প্রতিবেদনগুলো দেশের দুর্নীতি ও অনিয়ম উন্মোচনে অনন্য ভূমিকা রেখেছে। আমরা দেখেছি ‘বালিশ কাণ্ড’-এর মতো চাঞ্চল্যকর বিষয়ে দেশ রূপান্তরের সাহসী সাংবাদিকতা কীভাবে জনমনে প্রভাব ফেলেছিল এবং অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করেছিল।”
শেরপুর জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাটের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি আরও বলেন, “শেরপুরে দেশ রূপান্তরের প্রতিনিধি শফিউল আলম সম্রাট অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন। তাকে আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই। দেশ রূপান্তরের এই বস্তুনিষ্ঠ ধারা অব্যাহত থাকুক। জেলা প্রশাসনের পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস রইল।”
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা তার বক্তব্যে দেশ রূপান্তরের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে উপস্থিত সবাই দৈনিক দেশ রূপান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন