শেরপুরকে ৫ বছরে উন্নয়নের মডেল জেলা করা হবে: ডাঃ প্রিয়াঙ্কা এমপি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রান্তিক ও দুস্থ মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ ২৭ মে (বুধবার) দুপুরে শেরপুর শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলীর উদ্যোগে ও সার্বিক আয়োজনে এই কর্মসূচির আওতায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড এবং পৌরসভার সর্বমোট ৫০০ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে নগদ ১,০০০ (এক হাজার) টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এমপি বলেন, "শেরপুর জেলা একটি নিবিড় কৃষিপ্রধান অঞ্চল। এই জেলার কৃষকদের ভাগ্য ও কৃষি ব্যবস্থার যুগান্তকারী উন্নয়নের জন্য সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছি। আগামী দিনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমাদের প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করা হবে এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি, ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে।"
শেরপুরের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, "ইনশাআল্লাহ, আপনারা পাশে থাকলে আপনাদের সবাইকে সাথে নিয়ে আগামী ৫ বছরে শেরপুর সদরে চোখে পড়ার মতো দৃশ্যমান উন্নয়ন করব। এই অবহেলিত জনপদে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন ও সামগ্রিক স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। সেই সাথে রেললাইন স্থাপন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি তথ্যপ্রযুক্তির আলো ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণের জীবনযাত্রার মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। আগামী ৫ বছরে আমরা শেরপুর জেলাকে একটি আধুনিক ও স্বাবলম্বী 'উন্নয়নের মডেল জেলা' হিসেবে রূপান্তরিত করব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব ও শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা বিএনপি'র সাবেক সহসভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক ও বিজ্ঞ পিপি এডভোকেট আব্দুল মান্নান এবং সদস্য সচিব জাফর আলী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলসহ সদর উপজেলা ও পৌর সভাসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপহারভোগী সাধারণ মানুষ। উপহার পেয়ে অত্যন্ত আনন্দের সহিত প্রধানমন্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রিয়াঙ্কার উপর শুকরিয়া আদায় করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)