ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্যে মুখর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম
শেরপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুর-১ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শেরপুর জেলার সাঃ সম্পাদক মেঃ সাইফুল ইসলাম রানু সহ স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষুদে ফুটবলারদের মাঝ থেকেই আগামী দিনে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে, যারা দেশের নাম উজ্জ্বল করবে।"
উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয় ঝিনাইগাতী উপজেলার চ্যাম্পিয়ন হাতিবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম নকলা উপজেলার চ্যাম্পিয়ন বাছুর আগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
খেলা চলাকালীন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গ্যালারিতে বসে ক্ষুদে ফুটবলারদের চমৎকার ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন এবং করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি দেখতে স্টেডিয়ামে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা জুড়ে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন