সেবার ব্রতে চাকরি—এই মূলমন্ত্রকে ধারণ করে শেরপুরে শুরু হয়েছে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া। ২৪ জুন (বুধবার) সকাল ৮টা থেকে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে যোগ্য প্রার্থী নির্বাচনের প্রথম দিনের কার্যক্রম "শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ" পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, নির্ভুল ও নিরপেক্ষ করতে শেরপুর জেলা নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার (এসপি) এ, কে, এম জহিরুল ইসলাম শুরু থেকেই মাঠে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন।
এ সময় নিয়োগের নীতিগত ও স্বচ্ছতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম বলেন বাংলাদেশ পুলিশে মেধা, যোগ্যতা এবং সততাই এখন চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। কোনো ধরনের তদবির বা অনৈতিক লেনদেনের এখানে কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত নিখুঁত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করছি, যারা আগামী দিনে সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবে। উক্ত নিয়োগ বোর্ডে কেন্দ্রীয় প্রতিনিধি ও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ অফিস) মোঃ আসলাম শাহজাদা এবং অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) নাইম উল-আলম। এছাড়া নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি, জামালপুর) মোঃ আজহারুল ইসলাম মুকুল। যাচাইকরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ 'Physical Endurance Test (PET)' আগামী ২৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখ শেরপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। এই ধাপে পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার ও নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড়, লং জাম্প এবং হাই জাম্প পরীক্ষায় অংশ নিতে হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন