আসন্ন এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে শেরপুর জেলা প্রশাসন। পরীক্ষা আয়োজনের সকল খুঁটিনাটি ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ ২৫ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, পরীক্ষাকেন্দ্রে কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং সকল ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। পরীক্ষা সংশ্লিষ্ট কোনো ধরণে অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণে আয়োজিত এই সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সম্মানিত অধ্যক্ষ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, সম্মানিত অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান। এছাড়াও জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (UNO) এবং পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সভায় আসন্ন পরীক্ষার সফল আয়োজনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরীক্ষাকেন্দ্রে বহিরাগতদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা। পরীক্ষা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থা সচল রাখা। পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিতকল্পে গৃহীত সকল করণীয়সমূহ যথাযথভাবে প্রতিপালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর প্রস্তুতিমূলক পদক্ষেপের কারণে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন জেলার সচেতন মহল ও অভিভাবকগণ।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন