জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে নির্মাণাধীন একটি সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রকল্পের সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।
জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। প্রকল্পের সিডিউল অনুযায়ী রাস্তার দুই পাশে ৩ ফুট করে মাটি ভরাটের নির্দেশনা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সিডিউল অনুযায়ী রাস্তার গাইড ওয়ালের প্রস্থ ১৮ ইঞ্চি হওয়ার কথা থাকলেও বাস্তবে প্রায় ৯ ইঞ্চি করা হয়েছে। এছাড়া ৬ ইঞ্চি বালু ভরাটের পরিবর্তে মাত্র ২ থেকে ৩ ইঞ্চি বালু ব্যবহার করা হয়েছে। একইভাবে ৬ ইঞ্চি পুরু সিসি ঢালাইয়ের পরিবর্তে প্রায় ৩ ইঞ্চি পুরু করে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সরেজমিনে ফিতা দিয়ে মাপজোখে দেখা যায়, রাস্তার গাইড ওয়ালের প্রস্থ অনেক স্থানে প্রায় ৯ ইঞ্চি এবং বালুর স্তরও ২ থেকে ৩ ইঞ্চির বেশি নয়। এছাড়া সিডিউল অনুযায়ী রাস্তার দুই পাশে ৩ ফুট করে মাটি ভরাটের পরিবর্তে নিলক্ষিয়া বাজারসংলগ্ন এলাকা থেকে রাবিশ এনে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, এটি প্রকল্পের সিডিউল ও নির্মাণ নীতিমালার পরিপন্থী।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি প্রকল্প সভাপতি ও নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিনকে অবহিত করা হলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি। বরং সিডিউল অনুযায়ী কাজ নিশ্চিত না করেই নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প সভাপতি ফরিদা ইয়াসমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কাজ সিডিউল অনুযায়ী হচ্ছে। তবে কোনো অনিয়ম থাকলে এলজিইডির প্রকৌশলীরা বিষয়টি দেখবেন।”
উপজেলা এলজিইডির প্রকৌশলী শামছুল হক মুঠোফোনে বলেন, “গত রাতে অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কি না তা যাচাই করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়ন সহায়তা তহবিলের কাজে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
এদিকে, এলাকাবাসী প্রকল্পের নির্মাণকাজ নিরপেক্ষভাবে তদন্ত করে সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করা এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন