স্ট্যান্ডরিলিজের পরও বহাল তবিয়তে ইসলামপুর ও মেলান্দহ উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারী

মোঃ সাইদুর রহমান সাদী
0
স্টাফ রিপোর্টার : সরকারি বদলি (স্ট্যান্ডরিলিজ) আদেশ জারির পরও কর্মস্থল ছাড়েননি জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারী। তারা হলেন, মেলান্দহ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আল আমিন এবং ইসলামপুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ আশরাফুল ইসলাম।

অভিযোগ রয়েছে, সরকারি বদলি আদেশের পরও সংশ্লিষ্ট দুই কর্মচারী নতুন কর্মস্থলে যোগদান না করে আগের কর্মস্থলেই বহাল রয়েছেন। এতে সরকারি প্রশাসনিক আদেশ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।জানা গেছে, গত ১ সেপ্টেম্বর জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আল আমিন ও মোঃ আশরাফুল ইসলামকে বদলির (স্ট্যান্ডরিলিজ) আদেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী তাদের নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদানের কথা থাকলেও, অভিযোগ অনুযায়ী তারা এখনো পূর্বের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

সরকারি বদলি আদেশের পরও কেন তারা কর্মস্থল পরিবর্তন করেননি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা রয়েছে কি না—তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।বিষয়টি তদন্ত করে সরকারি আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।ইসলামপুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ আশরাফুল ইসলাম বলেন, ইউএনও স্যার ফেয়ারওয়েল দেয়নি তাই ইসলামপুরেই আছি। যদি কিছু বলার থাকে তাহলে ইউএনও স্যারকে বইলেন।

এ বিষয়ে বক্তব্যের জন্য ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মোঃ জুবায়েরের মোবাইলে কল দিলে তিনি রিসিভ না করে কেটে দেন।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আল আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)