শেরপুর-১ এ জামায়াত ও শেরপুর-২ এ বিএনপি প্রার্থী বিজয়ী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুর জেলার দুটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের একটিতে জয় পেলেও অপর আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখ দেখেছে দলটি। বিশেষ করে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। ফলে এ আসনে ধানের শীষ প্রায় ৬৫ হাজার ভোটের বড় ব্যবধানে পরাজিত হয়। স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
অন্যদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এ আসনে বিজয়ী প্রার্থী প্রায় ১০ হাজার ১৩৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, শেরপুর-১ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৭৫ হাজার ১৩৬টি, যা প্রায় ৬১ শতাংশ। বাতিল ভোটের সংখ্যা ছিল ৫ হাজার ১৪৬টি। শেরপুর-২ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন এবং ভোট পড়েছে ২ লাখ ৩৪ হাজার ৪৫৪টি, যা প্রায় ৫৪ শতাংশ। বাতিল হয়েছে ৪ হাজার ৯৮৩টি ভোট।
ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও কয়েকটি কেন্দ্রে বিভিন্ন প্রতীকের এজেন্টদের বিরুদ্ধে ভোটার প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেছে। কিছু স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনাও ঘটে, যার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয় বলে অভিযোগ রয়েছে।
তবে সামগ্রিকভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)