শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও ভারতীয় পণ্যসহ আটক এক

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর–ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় বিভিন্ন পণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন।
বিজিবি সূত্রে জানা যায়, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান এলাকা, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা মো. লাল চাঁন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মো. শামসুল হকের ছেলে। অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান জোরদার করলে চালানসহ ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)