ভোটের আগমুহূর্তে শেরপুর-৩: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় কঠোর প্রস্তুতি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
ব্রিফিং শেষে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা নির্ধারিত কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম গ্রহণ করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠেয় ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া নির্বাচন তদারকিতে মাঠে রয়েছেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১১৫০ সদস্য মাঠে রয়েছে।
উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ১২৮টি কেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)