শেরপুরের ঝিনাইগাতীতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
রবিবার (১৭ মে) বিকালে উপজেলা সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের শুভ সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেন, দেশের চালিকাশক্তি হলেন আমাদের কৃষকেরা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সরকারের মূল লক্ষ্যই হচ্ছে কৃষকের উন্নয়ন ও অধিকার রক্ষা করা। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য সরাসরি তাদের কাছে পৌঁছে দিতেই এই সরকারি ক্রয় অভিযান শুরু হয়েছে। এর মাধ্যমে একদিকে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে দেশের খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। তিনি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, থানার ওসি মো. আমিরুল ইসলাম এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও সুধীজন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের থেকে ১ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার েক১৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন