শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা রক্ষা এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কাজের সমন্বয় জোরদার করার লক্ষ্যে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা ও কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ তাগিদ দেন। একই সাথে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং উন্নয়নকাজ টেকসই করতে বিভিন্ন দপ্তরের মাঝে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও তাঁদের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া এবং জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ। এছাড়াও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম এবং গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) নির্বাহী প্রকৌশলী এ বি এম আশরাফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)