মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ড: প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড আবেদন; শেরপুরে তীব্র নিন্দা ও ক্ষোভ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি:
রাজধানীর মিরপুরের পল্লবীতে শেরপুরের সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২০ মে) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পল্লবী থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে এর আগেই সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রামিসা শেরপুর জেলা শহরের নয়ানী বাজারের সাবেক বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। হান্নান মোল্লা পরবর্তীতে সপরিবারে ঢাকার পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় বসবাস শুরু করেন। ঘাতক সোহেল রানা তাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিল। গত মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে নিজেদের ফ্ল্যাটেই রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঠিক কী কারণে এই শিশুটিকে হত্যা করা হয়েছে এবং এর পেছনে অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে সিআইডি ও এসবি সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
নিষ্পাপ শিশু রামিসার এমন নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকা ও তার দেশের বাড়ি শেরপুরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজ ঢাকার পল্লবীতে স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
অন্যদিকে, শেরপুরের সন্তান রামিসা হত্যার ঘটনায় শেরপুরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পেজে প্রতিবাদের ঝড় উঠেছে। নেটিজেনরা খুনি সোহেল রানার ফাঁসির দাবি জানাচ্ছেন।
এদিকে শেরপুরের মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও বিশিষ্ট কবি রফিক মজিদ। এক বিবৃতিতে তিনি বলেন, "৭ বছরের একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা চরম বর্বরতা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।" একই সাথে তিনি গ্রেপ্তারকৃত প্রধান আসামি সোহেল রানার দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন, যেন ভবিষ্যতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)