শেরপুরে উৎসবমুখর পরিবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপর ‍জেলা প্রতিনিধি :
"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"— এই মহতী প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
উদ্বোধন শেষে স্টেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক জনাব মোঃ নাছিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি মহোদয় তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম যেকোনো দুর্যোগ ও সংকটে ফায়ার ফাইটারদের সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি জননিরাপত্তা রক্ষায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সব ধরনের লজিস্টিক ও কৌশলগত সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা তুলে ধরে একটি অত্যন্ত আকর্ষণীয় ও বাস্তবমুখী মহড়া প্রদর্শন করে।
উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)