আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদ্যাপন উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সঠিক উপায়ে সংগ্রহ, সংরক্ষণ এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকরণের লক্ষ্যে শেরপুরে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ।
সভায় জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, কোরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। এবার সরকারিভাবে চামড়া সংরক্ষণের জন্য ৩০ টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে, যা চামড়া সংগ্রহের সময় বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হবে। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা প্রশাসন। এই প্রশিক্ষণে কীভাবে নিখুঁতভাবে চামড়া ছাড়ানো, পরিষ্কার করা, সংরক্ষণ এবং সঠিক নিয়মে বাজারজাত করা যায়—সে বিষয়ে সংশ্লিষ্টদের দক্ষ করে তোলা হবে। একই সাথে জেলা প্রশাসক ঘোষণা দেন, আসন্ন ঈদুল আযহায় পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সব ধরনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মাসুদ হাসান বাদল এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মোঃ ইফতেখারুল হক।
এছাড়াও সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা তমিম উদ্দিন, কালেক্টর জামে মসজিদের ইমাম, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পাপ্পু, পৌরসভার প্রতিনিধি এবং স্থানীয় চামড়া ব্যবসায়ীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা চামড়া পাচার রোধ, লবণের সঠিক ব্যবহার এবং কোরবানির পরপরই চারপাশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন