যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শেরপুরে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে শেরপুর জেলা বিএনপি'র কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেরপুর জেলা ছাত্রদল। নবগঠিত শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদুজ্জামান সিদ্দিকী আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর শহর ছাত্রদলের সভাপতি শফিকুল হাসান তারা ও সাধারণ সম্পাদক রকিব হাসান এবং সদর থানা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির ইমরান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এছাড়া শেরপুর সরকারি কলেজ ছাত্রদল, শেরপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদল, শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট ছাত্রদল এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিয়ে অনুষ্ঠানকে গতিশীল করে তোলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর দেখানো পথ ধরে ছাত্রদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দলীয় প্রধানদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন