শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫: সড়ক-মহাসড়কে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার বলি সাধারণ মানুষ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
দেশে চলমান চরম সড়ক ও মহাসড়ক অব্যবস্থাপনা এবং প্রশাসনের উদাসীনতার বলি হয়ে শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। ২০ মে (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বেপরোয়া গতির ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বর্তমান বোরো ধান কাটার মৌসুমে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে নিয়মনীতির তোয়াক্কা না করে ধান ও খড় শুকানো হচ্ছে। মহাসড়কের ওপর এভাবে ধান-খড় রাখার কারণে দীর্ঘদিন ধরে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ নির্বিকার।
বুধবার সন্ধ্যায় শেরপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাক রাস্তার দুই পাশের খড় ও ধান পাশ কাটিয়ে মাঝ বরাবর যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রশাসনের নজরদারির অভাবে বেপরোয়া গতিতে চলা ডাম্প ট্রাকটি সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, দুজনকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তবে স্থানীয় সচেতন মহল ও বিএনপি নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা নেই। আঞ্চলিক মহাসড়কের ওপর ধান-খড় শুকানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ বন্ধে এবং ঘাতক ডাম্প ট্রাকগুলোর বেপরোয়া গতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই আজ দুটি তাজা প্রাণ অকালে ঝরে গেল। তারা অনতিবিলম্বে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)