শেরপুর জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকায় ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদে এবং জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে শেরপুরের মানুষ। ‘খুনিদের ফাঁসি চাই’— এই স্লোগানকে সামনে রেখে জেলা শহরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শেরপুর শহরের প্রাণকেন্দ্র খরমপুর মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’।
মানববন্ধন চলাকালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এতে অংশ নেন শেরপুরে বসবাসরত নিহত রামিসার আপন চাচা শফিউদ্দিন মোল্লা। ফুটফুটে ভাতিজিকে হারানোর শোকে তিনি সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সাধারণ মানুষের চোখকেও অশ্রুসিক্ত করে তোলে।
সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং কার্যনির্বাহী কাজী মাসুম। এছাড়া আরও বক্তব্যসদস্য দেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা ও শ্রমিক দল নেতা শওকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবোধ শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে প্রতিনিয়ত শিশু হত্যা, ধর্ষণ ও নৃশংস অপরাধের ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। এসব অপরাধের লাগাম টানতে হলে আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃশ্যমান শাস্তি দেওয়া জরুরি। রামিসার খুনিদের এমন দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, যা দেখে ভবিষ্যতে আর কোনো অপরাধী কোনো শিশুর দিকে হাত বাড়ানোর সাহস না পায়।
দেশজুড়ে একের পর এক এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও বিচার বিভাগের প্রতি আরও কঠোর ও তৎপর হওয়ার জোরালো আহ্বান জানানো হয় এই মানববন্ধন থেকে।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন